ঢাকার মিরপুর কনভেনশন সেন্টারে গতকাল (১৪ নভেম্বর, ২০২৫) অনুষ্ঠিত হয়ে গেলো দেশের সবচেয়ে অনন্য জাপানি কালচারাল উৎসব ‘ইউকি মাতসুরি ২০২৫ (Yuki Matsuri 2025)’। জাপানের বিখ্যাত সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল থেকে অনুপ্রাণিত এই শীত উৎসবটি বাংলাদেশে আয়োজিত হয় Mirai Entertainment-এর উদ্যোগে এবং Star Cineplex পৃষ্ঠপোষকতায়।

সকাল ১১টায় গেট খোলার মাধ্যমে শুরু হয় দিনের আয়োজনে। প্রথম ভাগে ছিলো ওপেন স্টেজ ও অ্যানিমে মিউজিক, আর দুপুর ১টা থেকে নামাজ ও লাঞ্চ বিরতির পর শুরু হয় ইভেন্টের মূল আকর্ষণগুলো। ঠিক এ সময় থেকেই ভিড় বাড়তে থাকে দর্শকদের, প্রাণ ফিরে পায় পুরো কনভেনশন সেন্টার।

এবারের ইউকি মাতসুরিতে সবার অংশগ্রহণ ছিরো চোখে পড়ার মতো। প্রায় ১২০০+ অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলো কয়েকজন জাপানি নাগরিকের অংশগ্রহণ। তাঁদের মধ্যে অনেকে হালকা কসপ্লে করেন, আর বিশেষভাবে নজর কাড়েন একজন সিনিয়র জাপানি অতিথি যিনি উপস্থিত হয়েছিলেন সুপার মারিও সিরিজের জনপ্রিয় চরিত্র ‘টোড’-এর রূপে।



জাপানি খাবারের স্টলে পাওয়া যায় বিভিন্ন ধরনের দাইগাকু ইমো (জাপানি স্টাইলে তৈরি মিষ্টি আলু), মোচি এবং আরও কিছু ঘরানার হালকা খাবার। দর্শনার্থীরা সারাদিনই এসব খাবারের প্রতি দারুণ আগ্রহ দেখান।
অনুষ্ঠানের স্টেজ পারফরম্যান্সগুলোও ছিলো দারুণ প্রাণবন্ত। দুপুর ২টা ১০ মিনিটে স্টেজ অ্যাকটিভিটি শুরু হবার কথা থাকলেও একটু দেরিতে শুধু হয়, তারপর একের পর এক চলে কারাওকে পারফরম্যান্স, কসপ্লে শো, ডান্স পারফরম্যান্স এবং ওপেন স্টেজ। সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় STAR Cineplex-এর গিভঅ্যাওয়ে সেশন ও ফটো অপারচুনিটি। রাত বাড়ার সাথে সাথে উৎসব পৌঁছে যায় চূড়ান্ত উচ্ছ্বাসে, ডিজে পার্টিতে তরুণ-তরুণীদের অংশগ্রহণে তৈরি হয় উৎসবের জমজমাট রঙ।












এছাড়া মিরপুর কনভেনশন সেন্টারের পুরো পরিবেশ সাজানো হয়েছিলো জাপান-থিমড ডেকোরেশনে। দর্শনার্থীরা উপভোগ করেন থিম্যাটিক ফটোবুথ, অ্যানিমে মিউজিক, গেমস, কুইজ, কানজি ক্যালিগ্রাফি, আর্ট, মিম কনটেস্টসহ নানা আয়োজন। স্থানীয় মার্চেন্ডাইজ স্টলও দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে।




২০২২ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা ইউকি মাতসুরি এ বছরও প্রমাণ করলো যে বাংলাদেশে জাপানি কালচার নিয়ে আগ্রহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অ্যানিমে প্রেমী, কসপ্লেয়ার, জাপানি সংস্কৃতিপ্রেমী ও পরিবারসহ সাধারণ দর্শনার্থী, সবাই মিলে দিনব্যাপী উৎসবটিকে পরিণত করেছেন একটি স্মরণীয় শীত-উৎসবে।
ইভেন্টরের কমিউনিটি পার্টনার ও মিডিয়া কভারেজে ছিলো ‘ওটাকু বাংলা’।
