রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশি কমিক কন – ঢাকা ২০২৬। সাধারণত দেশের অন্যান্য কমিক কনগুলোতে জাপান, কিংবা আমেরিকার পপ কালচার, কমিকস ও চরিত্র প্রাধান্য পেয়ে থাকে। স্পাইডারম্যানের মতো সিনেমা বা বিদেশি চরিত্র নিয়ে দেশে ব্যাপক হাইপ থাকলেও বাংলাদেশের নিজস্ব কমিকস, পাবলিশার ও চরিত্র নিয়ে আলোচনা একেবারেই নিশ বা সীমিত গণ্ডিতে আটকে থাকে। তাই এই প্রথমবার বাংলাদেশের নিজস্ব আর্টিস্ট, পাবলিশার, অ্যানিমেটর ও ক্যারেক্টারগুলোকে বড় প্ল্যাটফর্ম দিতে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজনটি উপলক্ষে কসপ্লে, ২ পৃষ্ঠার কমিকস এবং দেশি আর্ট প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে কসপ্লে প্রতিযোগিতায় মূল আকর্ষণ হিসেবে ৫০ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে। তবে নিবন্ধনের শুরুতেই আয়োজকেরা বেশ কিছু অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নিয়ম না পড়ে অনেকেই জুজুৎসু কাইসেন, চেইনস ম্যান, জাবুজা কিংবা নারুটোর মতো বিদেশি চরিত্র নিয়ে আবেদন পাঠাচ্ছেন। এছাড়া অনেকেই গুগল ড্রাইভের অ্যাক্সেস বন্ধ রেখে লিঙ্ক জমা দিচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো, আয়োজকেরা ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অন-স্পট নিবন্ধনের সুযোগ রাখলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের এক শিক্ষার্থী প্রথম আবেদন জমা দিয়েছেন, যা নিয়ে আয়োজকেরা চরম ক্ষোভ ও মজা প্রকাশ করেছেন।
আয়োজকেরা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে হাজার টাকার মূল কসপ্লে প্রতিযোগিতায় জিততে হলে বাধ্যতামূলকভাবে দেশি ক্যারেক্টার সাজতে হবে। বর্ণ, স্ক্যাচবুক সোসাইটির কলোনি কোয়েস্ট, ঢাকা কমিকস, কার্টুন পিপল, অন্তিকের নোমান কিংবা শুড়শুড়ের মতো দেশি চরিত্র নিয়ে এতে অংশ নেওয়া যাবে। বিদেশি ক্যারেক্টার সেজে ইভেন্টে এসে ছবি তোলা বা শোকেসিং করা গেলেও তারা কোনো প্রাইজপুলের জন্য বিবেচিত হবেন না। এছাড়া জুলাই বিপ্লব থিমের ওপর ২ পৃষ্ঠার কমিক প্রতিযোগিতায় ৫ হাজার টাকার প্রাইজপুল রয়েছে এবং আলাদা দেশি আর্ট কম্পিটিশনও থাকছে।
ইভেন্টে অ্যানিমেশন ও স্টপ মোশন বিষয়ক বিশেষ ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনার পাশাপাশি নতুন শিল্পীদের জন্য থাকছে অফিশিয়াল পাবলিশারদের স্টলে সরাসরি সিভি ও পোর্টফোলিও জমা দেওয়ার অনন্য সুযোগ। বিনোদনের জন্য ব্যান্ড পারফরম্যান্স থাকছে এবং রেগুলার টিকিটে ২০ শতাংশ ছাড়ের জন্য OTAKU20 প্রমো কোডের ব্যবহার করা যাবে। আয়োজকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে বাংলাদেশি কমিকস ও মাঙ্গাকে বিদেশি ভাষায় রূপান্তর করে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া, যাতে বিশ্ব দরবারে মার্ভেল বা ডিসির মতো বাংলাদেশের চরিত্রগুলোও এক নামে স্বীকৃতি পায়।
টিকিট লিঙ্ক: https://quicket.me/events/deshi-comic-con-dhaka-2026
