বাংলাদেশের কসপ্লে অঙ্গনের জন্য এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত! নিহন যাই (Nihon Jai) ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা বাংলাদেশের কসপ্লে জুটি আকিরা (Arika Ahsan) ও শিওনচন (Khushnud Mahjabin) এবার বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক অঙ্গনে, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিতব্য ‘Pop Culture Hiroshima 2025’ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই উৎসব অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর ২০২৫ তারিখে। আকিরা এবং শিওনের জুটি নাম ‘টিম ইনফিনিট রেভলিউশন’। তারা ইতিমধ্যে জাপানে পৌছে গেছে।

আকিরা ও শিওন একটি ভিডিও বার্তায় বলেন, “আমরা টিম ইনফিনিট রেভলিউশন। আমরা প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে পপ কালচার হিরোশিমা ২০২৫-এ অংশ নিচ্ছি, এবং আমরা ভীষণ উচ্ছ্বসিত! আমরা নিহন যাই ২০২৫ এ ‘রেভলিউশনারি গার্ল উতেনা (Revolutionary Girl Utena)’-অ্যানিমের চরিত্র উতেনা তেনজো (Utena Tenjou) ও আন্থি হিমেমিয়া (Anthy Himemiya) রূপে হাজির হয়েছিলাম, এবং জাপানেও একই কসপ্লে পারফরম্যান্স করব।”
ポップカルチャーひろしま2025 バングラデシュ代表コスプレイヤー2名が来日! 広島でお会いできることを楽しみにしています! Pop Culture Hiroshima 2025 Two representative cosplayers…
Posted by ポップカルチャーひろしま Pop Culture Hiroshima on Saturday 6 September 2025
শিওন ২০২১ সালে কসপ্লে শুরু করে। সে মূলত ফেব্রিক ও উইগ স্টাইলিং নিয়ে কাজ করে থাকে। আর আকিরা ২০১৮ সাল থেকে কসপ্লে করে আর সে ফেব্রিক ছাড়াও প্রপস তৈরিতেও পারদর্শী।
তাদের এই সাফল্যের পেছনে ছিল নিঃস্বার্থ পরিশ্রম, কসপ্লে কালচারের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের ক্রমবর্ধমান কসপ্লে কমিউনিটির অদম্য উদ্যম।

বাংলাদেশে জাপান দূতাবাস, সহযোগী সংগঠন এবং অসংখ্য সৃজনশীল তরুণ-তরুণীর অংশগ্রহণে নিহন যাই ২০২৫ পরিণত হয়েছিলো এক সাংস্কৃতিক উৎসবে যেখানে কসপ্লেয়ার, মাঙ্গা শিল্পী, গায়ক-গায়িকা, এবং ভক্তরা একসঙ্গে উদযাপন করেছেন সৃষ্টিশীলতার জয়গান।
জাপানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আকিরা ও শিওনের যাত্রা নিঃসন্দেহে বাংলাদেশের কসপ্লে ও পপ কালচার কমিউনিটির জন্য এক গর্বের অধ্যায়। তাদের সৃজনশীলতা শুধু স্থানীয়ভাবে নয়, এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের শিল্পচর্চার সম্ভাবনা তুলে ধরবে।
আমরা ওটাকু বাংলা-র পক্ষ থেকে টিম ইনফিনিট রেভলিউশন-কে শুভেচ্ছা জানাই। তাদের যাত্রা হোক অনুপ্রেরণার, গৌরবের, আর আনন্দের।

শুভ কামনা টিম ইনফিনিট রেভলিউশনের জন্য