ডেভিল মে ক্রাই (Devil May Cry) অ্যানিমের সিজন ২ আসছে ২০২৬ সালে। নেটফ্লিক্স সম্প্রতি প্রথম ট্রেলার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত Anime NYC ইভেন্টে খবরটি জানানো হয়। সিরিজটির প্রথম সিজন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল চলতি বছরের ৩ এপ্রিল, আর সিক্যুয়েল ঘোষণাটি আসে তার মাত্র এক সপ্তাহ পরেই।
ডেভিল মে ক্রাই মূলত একটি জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার ও হ্যাক-অ্যান্ড-স্ল্যাশ ধাঁচের গেম ফ্র্যাঞ্চাইজি, যা তৈরি করেছিলেন হিদেকি কামিয়া (Hideki Kamiya) এবং ডেভেলপ করে মূলত Capcom। কাহিনির কেন্দ্রে রয়েছে ডান্টে (Dante) যে একজন দানব শিকারি, যার অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। সে মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা দানবদের বিরুদ্ধে লড়ে যায়।
গেমটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০০১ সালে। এর পর থেকে মূল সিরিজে ছয়টি বড় সংস্করণ প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন রিমাস্টার, স্পেশাল এডিশন ও কালেকশনও প্রকাশিত হয়েছে।
এর আগে ফ্র্যাঞ্চাইজিটি একবার অ্যানিমে অ্যাডাপ্টেশন পেয়েছিল। MADHOUSE স্টুডিও নির্মিত সেই অ্যানিমে মুক্তি পেয়েছিল ২০০৭ সালের জুনে। মোট ১২ পর্বের ওই সিরিজটি মূলত ডান্টের দৈনন্দিন দানব শিকার জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল।
সুত্র: নেটফ্লিক্স
