জাপানি প্রকাশনা সংস্থা ইমাগিকা ইনফোস গত ২৮ ফেব্রুয়ার, ২০২৫ এ ঘোষণা করেছে যে, নাতসু হিউগা রচিত “দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ” লাইট নভেল সিরিজের মোট মুদ্রিত কপির সংখ্যা ৪ কোটি (৪০ মিলিয়ন) ছাড়িয়ে গেছে।
প্রকাশনা সংস্থাটির হিরো বুনকো লাইট নভেল ইমপ্রিন্ট প্রথমবারের মতো এই রোমান্স ফ্যান্টাসি সিরিজটি ২০১৪ সালের আগস্টে প্রকাশ করা শুরু করে। এখন পর্যন্ত এর ১৫টি খণ্ড প্রকাশিত হয়েছে। এছাড়া, উপন্যাসটির দুটি মাঙ্গা সংস্করণও রয়েছে—একটি নেকোকুরাগে আঁকা, যা স্কয়ার এনিক্স-এর মাসিক বিগ গানগান-এ প্রকাশিত হয়, এবং অন্যটি মিনোজি কুরাতা-র আঁকা “মাও মাও নো কোকিউ নাজোতোকি টেচো”, যা শোগাকুকান-এর মাসিক সানডে জেন-এক্স-এ প্রকাশিত হয়। ৪ কোটি কপির এই সংখ্যা মূল উপন্যাস এবং দুটি মাঙ্গা সংস্করণের সম্মিলিত মোট সংখ্যা।
২০২৩ সালের সেপ্টেম্বরের শেষের দিকে, যখন সিরিজটির প্রথম টিভি অ্যানিমে সিজন শুরু হওয়ার অপেক্ষায় ছিল, তখন এর মোট প্রকাশিত কপি ছিল ২.৪ কোটি (২৪ মিলিয়ন)। এরপর, ২০২৪ সালের মার্চে, প্রথম সিজন শেষ হওয়ার পর সংখ্যাটি ৩.৩ কোটি (৩৩ মিলিয়ন) ছাড়িয়ে যায়। সেপ্টেম্বর ২০২৪-এ, জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখে, এটি ৩.৮ কোটি (৩৮ মিলিয়ন) অতিক্রম করে। এবং এখন, সিরিজটি ৪ কোটি কপির মাইলফলক অর্জন করেছে।
সুত্র: প্রেস রিলিজ
