এই শীতে ঢাকার কসপ্লে কমিউনিটি পাচ্ছে এক বিশেষ উপহার। যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে (Future World)-এর বিশাল ৪০,৫০০ বর্গফুটের ভেন্যুতে ২০ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে বোল্ড বয়স্টারাস কসপ্লেয়ার্স প্রেজেন্টস: ফিউশন প্লে (Bold Boisterous Cosplayers Presents: Fusion Play), যা কসপ্লে, গেমিং, মিউজিক ও শীতের উৎসবমুখর আবহকে এক প্ল্যাটফর্মে যুক্ত করবে। আয়োজক কমিউনিটি Bold Boisterous Cosplayers (BBC) জানিয়েছে, এই ইভেন্টের মূল লক্ষ্য বছরের শেষ প্রান্তে কসপ্লে প্রেমীদের জন্য স্মরণীয় একটি শীতকালীন অভিজ্ঞতা তৈরি করা এবং পুরো কমিউনিটিকে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া।
ফিউশন প্লে–এর বিশেষত্ব হলো এটি BBC–এর প্রথম স্বাধীনভাবে আয়োজিত কনভেনশন-টাইপ ইভেন্ট। এর আগে তারা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপে কাজ করলেও এবারের আয়োজন সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায়। আয়োজকদের মতে, ২০২৩ সালে সারাদেশের কসপ্লেয়ারদের নিয়ে বড় একটি মিট-আপ এবং ২০২৪ সালে সীমিত পরিসরে মুভি মিটআপ আয়োজন করার পর এবার তারা চেয়েছে ইভেন্টটিকে আরও উচ্চ মানে নিয়ে যেতে। এ কারণে কসপ্লে কম্পিটিশনের পাশাপাশি যুক্ত করা হয়েছে Mobile Legends (MLBB) টুর্নামেন্ট, আর্কেড গেমিং ফ্যাসিলিটি, মিম কম্পিটিশন, কসপ্লে স্টেজ শো, ক্যারাওকে পারফরম্যান্স, লাইভ ডিজে এবং আরও অনেক বিনোদনমূলক সেগমেন্ট।
ইভেন্ট স্থানের মূল আকর্ষণের মধ্যে থাকছে বিশাল স্পিনিং হুইল, যা ছবি তোলা ও শুটিংয়ের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এছাড়া ফিউচার ওয়ার্ল্ডের রুফটপ অংশ খোলা থাকবে, যেখানে কসপ্লেয়াররা সরাসরি সূর্যালোকে ফটোশুট করতে পারবেন। আয়োজকদের ভাষ্যে, “অনেকদিন পর এমন একটি ওপেন স্পেস ইভেন্ট কসপ্লেয়ারদের জন্য তৈরি করা সম্ভব হচ্ছে, যেখানে সবাই উন্মুক্তভাবে ছবি তুলতে পারবেন।”
ফিউশন প্লেতে গেমিং সেগমেন্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। MLBB–এর Battle of Legends ফাইনাল ফেজ অনুষ্ঠিত হবে এখানেই। মোট ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, আর থাকবে ১০ হাজার টাকার প্রাইজ পুল ও ৫ হাজার ডায়মন্ডের গিভঅ্যাওয়ে। সমস্ত ম্যাচ লাইভ সম্প্রচার করা হবে Project-R এর অফিসিয়াল ফেসবুক পেইজে। আর্কেড গেমিংয়ের নতুন ভার্সনও যুক্ত করা হচ্ছে, আর সাথে থাকতে পারে বেইব্লেড কম্পিটিশন ও ম্যাজিক শো, যদিও এগুলো এখনও নিশ্চিত নয়।
কসপ্লে প্রতিযোগিতা হবে ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ। নিবন্ধিত প্রতিযোগীদের জমা দেওয়া WIP (Work-In-Progress) ফটোর ভিত্তিতে শীর্ষ ২০ জনকে স্টেজ পারফরম্যান্সের জন্য নির্বাচিত করা হবে, এবং প্রত্যেকে ফ্রি এন্ট্রি টিকিট পাবেন। মোট প্রাইজ পুল ২২,০০০ টাকা, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে ১০,০০০, ৭,০০০ ও ৫,০০০ টাকা প্রাইজমানি পাবেন। বিচারকদের মধ্যে থাকছেন তানভীর ইসলাম, সাকিব জামান এবং এডরিকো রিকসন। গেস্ট কসপ্লেয়ার হিসেবে উপস্থিত থাকবেন ফাইয়াজ শাহ্, নুসাইবা এবং ফাইরুজ সাইয়ারা সহ আরো অনেকে।
ইভেন্টে আনুমানিক ১,০০০ দর্শক থাকার সম্ভাবনা আছে। BBC-এর নিজস্ব ডাটাবেজে রেজিস্টার্ড ১১০ জন কসপ্লেয়ার রয়েছে, ফলে আয়োজকরা আশা করছেন বড় পরিসরের কসপ্লেয়ার জমায়েত হবে। আয়োজকেরা জানান, BBC মূলত জুনিয়র কসপ্লেয়ারদের প্রকাশের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
আনুষ্ঠানিকতা ও প্রতিযোগিতার বাইরে দর্শকদের জন্যও থাকবে সারাদিন বিনোদনের নানা আয়োজন, ডিজে, ক্যারাওকে, স্টেজ শো, মিম ক্রিয়েটরদের পারফরম্যান্স, ইন-গেম পারচেজ গিভঅ্যাওয়ে এবং আরও চমক। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পুরো ইভেন্ট। স্বেচ্ছাসেবক ও অন্যান্য ইভেন্ট পার্টনারদের রিপোর্টিং টাইম নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা।
ফিউশন প্লে সম্পর্কে BBC চায় দর্শকরা যেন বাড়ি ফিরে বলতে পারে, “সারাদিন ছিলাম, পুরোটা সময় দারুণ কেটেছে, আর ৩০০/৩৫০ টাকার টিকিট পুরোটাই ছিলো ভ্যালু ফর মানি।” আয়োজকদের মতে, এই ইভেন্ট এমনভাবে সাজানো হচ্ছে যাতে দর্শকরা অনুভব করেন যে তারা কোনো কিছু মিস করেননি; বরং যারা আসেনি তারা যেন আফসোস করার মতো সত্যিই বড় কিছু মিস করে গেলো।
ইভেন্টের জন্য ডিসকাউন্টেড আর্লি-বার্ড টিকিট (৩০০ টাকা) ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। টিকিট কিনতে এই লিঙ্কটি ভিজিট করুন। ইভেন্ট সম্পূর্ণভাবে কসপ্লে কমিউনিটি ও গেমিং কালচারের সম্মিলনে তৈরি, যা দেশের তরুণদের জন্য শীতের শেষ সপ্তাহটিকে উৎসবমুখর করে তুলবে।
ইভেন্টে ওটাকু বাংলা কমিউনিটি পার্টনার হিসাবে যুক্ত থাকবে।
