ড্রাগন বল জি অ্যানিমেতে মাজিন বুউ চরিত্রের কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া জাপানের প্রখ্যাত ভয়েস অভিনেতা কোজো শিওয়া (Kozo Shioya) আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল তাঁর এজেন্সি আওনি প্রোডাকশন (Aoni Production) আনুষ্ঠানিকভাবে এই খবর জানায়। সংস্থার বিবৃতি অনুযায়ী, কোজো শিওয়ার মৃত্যু হয়েছে ২০ জানুয়ারি, ২০২৬। জাপানি বয়স গণনায় তাঁর বয়স ছিল ৭১ বছর, আর পশ্চিমা বয়স গণনায় তিনি ছিলেন ৭০ বছর।
১৯৫৫ সালে জাপানের কাগোশিমা প্রিফেকচারে জন্ম নেওয়া কোজো শিওয়া দীর্ঘ কর্মজীবনে অভিনেতা ও ভয়েস অভিনেতা, দুই পরিচয়েই কাজ করেছেন। অ্যানিমে, টেলিভিশন ও ভিডিও গেম—সব মাধ্যমেই ছিল তাঁর সক্রিয় উপস্থিতি। মাজিন বুউ ছাড়াও তিনি নিন্তামা রানতারো–তে দাই-সান কিয়োইমারু, এবং সেঙ্গোকু বাসারা সিরিজে ইমাগাওয়া ইয়োশিমোতো ও জাবিই চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
পরিবারের ইচ্ছানুযায়ী, তাঁর শেষকৃত্যানুষ্ঠান ঘনিষ্ঠ পরিবার-পরিজনদের উপস্থিতিতেই ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে।
সুত্র: Aoni Production
