গেমিং, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিউশন প্লে ২.০: ইনটু দ্য হোইয়োভার্স (Fusion Play 2.0: Into the HoYoVerse)। আগামী ৫ ডিসেম্বর, ২০২৬ রাজধানীর ফার্মগেটের ফ্লামেঙ্কো কনভেনশন সেন্টারে বসবে এই আয়োজন। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। আয়োজনে থাকছে বোল্ড বয়স্টারাস কসপ্লেয়ার্স (বিবিসি)।
‘Fusion Play’ এর দ্বিতীয় সংস্করণ এটি। এর আগে ২০ ডিসেম্বর, ২০২৫ এ অনুষ্ঠিত হয়েছিলো এর প্রথম আসর। এবারের আয়োজনের মূল থিম জনপ্রিয় গেম ‘Genshin Impact’। গেমটির কাল্পনিক জগৎ Teyvat-এর আবহে সাজানো হবে পুরো কনভেনশন। তবে আয়োজনটি শুধু Genshin Impact ভক্তদের জন্য সীমাবদ্ধ থাকছে না। অ্যানিমে, গেমিংসহ বিভিন্ন পপ কালচার ও ফ্যানডমের মানুষের জন্যও থাকছে অংশগ্রহণের সুযোগ।
আয়োজকরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে থাকছে কসপ্লে প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা এবং কারাওকে প্রতিযোগিতা। কসপ্লে প্রতিযোগিতায় HoYoVerse-এর চরিত্রগুলোর পাশাপাশি অন্যান্য ফ্যানডমের চরিত্রও উপস্থাপন করা যাবে। এ ছাড়া থাকবে ব্যান্ড পারফরম্যান্স এবং বিশেষ ডিজে পার্টি।
দর্শনার্থীদের জন্য আরও থাকছে বিভিন্ন ফ্যানডমভিত্তিক মার্চেন্ডাইজ, কালচারাল প্রডাক্ট ও খাবারের স্টল। পাশাপাশি আয়োজন করা হবে নানা ধরনের গিভঅ্যাওয়ে। ফলে কসপ্লেয়ার, গেমার, শিল্পী এবং বিভিন্ন পপ কালচার কমিউনিটির সদস্যদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে এই আয়োজনে।
আয়োজনটির প্রতিপাদ্য রাখা হয়েছে ‘AD ASTRA ABYSSOSQUE’, যা Genshin Impact-এ ব্যবহৃত একটি পরিচিত অভিব্যক্তি।
Fusion Play 2.0: Into the HoYoVerse-এ অংশ নিতে আগ্রহীরা Tickify-এর ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে।
উল্লেখ্য, এই আয়োজনে ওটাকু বাংলা মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত থাকছে।
